বাংলার প্রতিচ্ছবি: অপরাধ করে পার পাওয়ার দিন শেষ—দলীয় পরিচয় যত ভারীই হোক না কেন, শৃঙ্খলা ভঙ্গ ও কোনো অপ্রীতিকর ঘটনায় নাম জড়িয়ে গেলে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট বার্তা দিল ক্ষমতাসীন দল বিএনপি। রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় তোলপাড়ের মধ্যে দলীয় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর কড়া নির্দেশ এসেছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে মিরপুরের রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এমপি মিষ্টির বিরুদ্ধে বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে পারে—এমন বার্তা দল ও সরকারের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নিশ্চিত করেছিল। ঘটনার সঠিক তদন্ত ও শৃঙ্খলা বজায় রাখতেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
তবে মিষ্টি আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিষয়টির সত্যতা তিনি একাধিক মাধ্যম থেকে শুনেছেন এবং বর্তমানে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।