বাংলার প্রতিচ্ছবি: গুণী মানুষদের প্রতিকৃতির ক্যানভাসে ফুটিয়ে তুলতে আগামী ২০ নভেম্বর থেকে ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী শামীম আকন্দের প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী ‘পথিকৃতের প্রতিকৃতি’। ছয় দিনব্যাপী এই প্রদর্শনীতে শিল্পীর অর্ধশতাধিক বৈচিত্র্যময় প্রতিকৃতি স্থান পাবে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় শফিউদ্দীন শিল্পালয়ে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির। বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী ও লেখক জাহিদ মুস্তাফা এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বরেণ্য চিত্রশিল্পী আবুল বারক আলভী। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করবেন চিত্রশিল্পী ও কবি শিশির মল্লিক।
প্রদর্শনী ও শিল্পীর পরিচিতি
উদ্বোধনের পর প্রদর্শনীটি আগামী ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শিত হতে যাওয়া প্রায় অর্ধশতাধিক প্রতিকৃতির মধ্যে রয়েছে পেন্সিল ও চারকোল, কালি-কলম, জলরং, পাস্টেল, সফট পাস্টেল, এক্রলিক এবং মিশ্রমাধ্যমের নানান কাজ।
ছবি আঁকার পাশাপাশি শিল্পী শামীম আকন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, সম্মিলিত পাঠাগার আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টাঙ্গাইল সোসাইটি, ঢাকা-এর সহসভাপতি এবং চারুশিল্পীদের সংগঠন ‘সোসাইটি অব ফাইন আর্টসে’র কার্যনির্বাহী পরিষদের সদস্য।
১৯৭৯ সালের ১ জানুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইলে জন্ম নেওয়া এই শিল্পী বড় হয়েছেন মধুপুরে। ১৯৯৪ সালে এসএসসি এবং ১৯৯৬ সালে এইচএসসি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে বিএফএ স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইন হিসেবে কর্মরত আছেন।
শিল্পকর্ম প্রদর্শনী সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য ধানমন্ডির সড়ক-৮, বাড়ি-২১/এ (২য় তলা) ঠিকানায় অবস্থিত শফিউদ্দীন শিল্পালয়-এ যোগাযোগ করা যেতে পারে