বাংলার প্রতিচ্ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মামলায় সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। একইসঙ্গে এই সংক্রান্ত রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে ব্যারিস্টার সুমনের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। এর আগে মিরপুর থানার এই মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেছিলেন। রাষ্ট্রপক্ষ সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আদালত আজ হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের ঠিক আগমুহূর্তে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে তিনি লিখেছিলেন, "আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।" মিরপুর ছাড়াও রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে আপিল বিভাগের আজকের এই আদেশের ফলে মিরপুর থানার মামলায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা থাকছে না।