ঢাকা | ২২ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

হবিগঞ্জের বানিয়াচংয়ে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, ক্ষতি কোটি টাকা

প্রকাশের তারিখ: এপ্রিল ২২, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি:- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে লাগা এ আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। সড়ক যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে না পারায় আগুনের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেন। এর মধ্যেই রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের মধ্যে সবকিছু দাউ দাউ করে জ্বলতে শুরু করায় কিছুই সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়নি। আগুনে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে। বাজারের ব্যবসায়ী দিলু মিয়া বলেন, "মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে দেখি আগুনের ভয়াবহ রূপ। চোখের সামনেই সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেল, কেউ কিছুই বাঁচাতে পারল না।"

বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দল দ্রুত বের হলেও সড়কপথে যাতায়াতের বেহাল দশার কারণে সময়মতো ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন, বিদ্যুৎ সংযোগ কিংবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কমেন্ট বক্স