ঢাকা | ০৭ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বিসিবি, আইসিসির চিঠির অপেক্ষায় এনএসসি

প্রকাশের তারিখ: এপ্রিল ৭, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে সেই প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ধারণা করা হচ্ছে, আজ-কালের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এ বিষয়ে চূড়ান্ত উত্তর আসতে পারে। আর সেই উত্তরের ওপর ভিত্তি করেই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম পুরোপুরি থেমে যেতে পারে বলে ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন চলছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান বিসিবি বোর্ড ভেঙে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এরই মধ্যে আজ মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তদন্ত কমিটি বিসিবি নির্বাচনে অস্বচ্ছতার জোরালো প্রমাণ পেয়েছে এবং বর্তমান অনেক পরিচালকও তদন্ত কমিটির কাছে নির্বাচনের অনিয়ম নিয়ে সাক্ষ্য দিয়েছেন। নিউজিল্যান্ড সিরিজের আগেই বর্তমান পর্ষদ বিলুপ্ত করে ১৫ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। তিন মাস মেয়াদী এই সম্ভাব্য কমিটির জন্য ইতোমধ্যে ২৫ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, যেখানে সাবেক ক্রিকেটার, সাংবাদিক ও অভিজ্ঞ ক্রিকেট সংগঠকরা রয়েছেন।

বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বোর্ডে পরিচালক থাক বা না থাক, প্রশাসনিক কাজ চালিয়ে যেতে হবে। তবে এই দীর্ঘমেয়াদী অস্থিরতা কাজের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমানে বিসিবির ২৫ জন পরিচালকের মধ্যে ১৭ জন দায়িত্বে থাকলেও গত ছয় মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সাতজন।

আইসিসির নির্দেশনা পাওয়ার পরপরই বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হলে সেটি দেশের ক্রিকেট ইতিহাসে একটি বড় মোড় হিসেবে বিবেচিত হবে। এখন সবার নজর আইসিসি ও এনএসসির পরবর্তী পদক্ষেপের দিকে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বোর্ডের অস্থিরতা কাটাতে দ্রুতই কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।
কমেন্ট বক্স