বাংলার প্রতিচ্ছবি: প্রিন্স মন্ডল অলিফ, (বাগেরহাট প্রতিনিধি): রঙ, আনন্দ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোলযাত্রা। জেলার চিতলমারী উপজেলা-র গোড়া নালুয়া এলাকার বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এই উৎসবে সমগ্র বাংলাদেশ থেকে লক্ষাধিক ভক্ত একত্রে মিলিত হন। ফলে সকাল থেকেই মন্দির ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল।

ধর্মীয় বিধি অনুসারে পূজা-অর্চনা, শাস্ত্রপাঠ ও কীর্তনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বর্ণিল শোভাযাত্রা বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
দোল উৎসব উপলক্ষে বিভিন্ন ধরনের আবিরের রঙ্গে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরা আনন্দে অংশ নেন। উৎসবের পরিবেশে ছিল শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চিত্র। আয়োজকরা জানান, বিপুল সংখ্যক ভক্তের সমাগম হওয়ায় নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়।

ধর্মীয় নেতৃবৃন্দ বলেন, দোলযাত্রা শুধু রঙের উৎসব নয়; এটি ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য উপলক্ষ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একত্রিত করাই এ উৎসবের মূল শিক্ষা।
উৎসব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী দোলযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও এলাকাবাসী।