বাংলার প্রতিচ্ছবি. প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনের (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) ধানের শীষ মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, “আমি আপনাদের ঘরের ছেলে। আপনারা আমাকে চেনেন ও জানেন। এই ধানের শীষ আমার একার নয়—এটি চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটবাসীর প্রতীক।”
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান জনাব তারেক রহমান তাঁর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন। তাই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় চিতলমারী সদর উপজেলার এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কপিল কৃষ্ণ মন্ডল।
তিনি আরও বলেন, “এই আসনে ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে আমি আপনাদের ওয়াদা দিচ্ছি—এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে।”
নারীদের উদ্দেশে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও নারী অধিকার বাস্তবায়নে তারেক রহমান ঘোষিত নির্বাচনী তফসিলের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
বিকাল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীদের নেতৃত্বে হাজারো নারী-পুরুষ বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে এবং হাতে ধানের শীষের প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যেই সভাস্থলের বিশাল মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
উল্লেখ্য, প্রধান সমন্বয়ক মো. শিপন মুন্সীর প্রচার-প্ররোচনায় ও বিশেষ তদারকিতে ১নং বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ৫ হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে বাদ্যযন্ত্রসহ এই জনসভায় অংশ নেন।
আজকের এই জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো আজকের জনসভা্র সভাপতি মো. আহসান হাবীব ঠান্ডু, বিএনপি নেতা মশিউর রহমান যাদু, শরীফুল হাসান অপু, রুনা গাজী, অ্যাডভোকেট ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, শিপন আহম্মেদ মুন্সী, জাকারিয়া মিলন, মো. আসাদুজ্জামান, নেয়ামত আলী খান প্রমুখ।