বাংলার প্রতিচ্ছবি: মো. আব্দুর রহিম (ভাঙ্গুড়া, পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছেন ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নুসরাত জাহান এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তাঁর নিজ জেলা টাঙ্গাইল এবং উপজেলা গোপালপুর।
দায়িত্ব গ্রহণের পর নুসরাত জাহান বলেন, সরকারি বিধিবিধান অনুসরণ করে ভূমি অফিসের সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার চেষ্টা করবেন। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা কেন্দ্রে পরিণত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ জন্য দায়িত্ব পালনে সাংবাদিকসহ ভাঙ্গুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন নবাগত এই সহকারী কমিশনার (ভূমি)।