ঢাকা | ০৫ মে ২০২৬ ইং | বঙ্গাব্দ

ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের: যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা

প্রকাশের তারিখ: মে ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: ইরান যদি যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে পৃথিবী থেকে ‘নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হওয়ার পর সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। এর ফলে হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধবিরতি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।

সোমবার হরমুজ প্রণালির কাছে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ওই এলাকায় ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে। যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এই দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাত উপকূলে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, একই এলাকায় আরও দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরান এই হামলার মাধ্যমে তাদের সক্ষমতার জানান দিচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক শক্তির দাপট দেখিয়ে বলেন, "আগের তুলনায় আমাদের কাছে অনেক বেশি এবং উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ আছে। বিশ্বজুড়ে আমাদের সামরিক ঘাঁটিগুলোতে সেরা সরঞ্জাম মজুদ আছে এবং প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করব।"

এদিকে, কৌশলগত এই জলপথে ইরানি অবরোধ ভেঙে জাহাজ চলাচলের জন্য ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানিয়েছেন, তারা জাহাজগুলোকে পাহারা দিয়ে হরমুজ প্রণালি পার করার চেষ্টা করছেন। কুপারের ভাষ্যমতে, বর্তমানে ওই এলাকায় ৮৭টি দেশের জাহাজ আটকা পড়ে আছে, যারা এই যুদ্ধের ‘নিরপরাধ দর্শক’। ওয়াশিংটন দুটি বাণিজ্যিক জাহাজকে পার হতে সাহায্য করার দাবি করলেও জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে, গুরুত্বপূর্ণ এই জলপথটিতে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। মার্কিন সামরিক নিশ্চয়তায় অন্যান্য দেশের জাহাজগুলো কতটা সাড়া দেবে, তা এখনো স্পষ্ট নয়।
কমেন্ট বক্স