ঢাকা | ০৫ মে ২০২৬ ইং | বঙ্গাব্দ

হামে মৃত্যু ৩০০ ছাড়াল: ১৯ দিনেই শেষ ১০০ শিশুর প্রাণহানি

প্রকাশের তারিখ: মে ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুর মৃত্যু। সবশেষ তথ্য অনুযায়ী, গত ৫০ দিনের ব্যবধানে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে। আশঙ্কাজনক বিষয় হলো, মোট মৃত্যুর মধ্যে শেষ ১০০টি প্রাণহানি ঘটেছে মাত্র ১৯ দিনে। সংশ্লিষ্টরা এই পরিস্থিতির জন্য টিকাদানের অভাবকেই প্রধান কারণ হিসেবে দায়ী করছেন।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে, যা গত ৫০ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে প্রথম ১০০ মৃত্যু হয়েছিল ২৩ দিনে, পরবর্তী ১০০ মৃত্যু হয় ১৪ দিনে এবং সবশেষ ১০০ জনের মৃত্যু হয়েছে মাত্র ১৯ দিনে।

পরিসংখ্যান বলছে, নিশ্চিত হামের চেয়ে উপসর্গ নিয়ে মৃত্যুর হার অনেক বেশি। মোট ৩১১ জন মৃতের মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছিল ৫২ জনের। বাকি ২৫৯ জনই মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।

এক নজরে বর্তমান হাম পরিস্থিতি (১৫ মার্চ - ৪ মে):

  • মোট মৃত্যু: ৩১১ জন।

  • নিশ্চিত হাম শনাক্ত: ৫,৪৬৭ জন।

  • হাম সন্দেহে মোট রোগী: ৪১,৭৯৩ জন।

  • হাসপাতালে ভর্তি: ২৮,৮৪২ জন।

  • সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ২৫,১৫১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের তুলনায় ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা থাকায় অনেক ক্ষেত্রে 'নিশ্চিত হাম' শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে উপসর্গ নিয়ে বিপুল সংখ্যক শিশুর মৃত্যু জনস্বাস্থ্যের জন্য চরম উদ্বেগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। বর্তমানে সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন চললেও আক্রান্তের এই ঊর্ধ্বমুখী গ্রাফ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

কমেন্ট বক্স