ঢাকা | ০৮ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ: এপ্রিল ৮, ২০২৬ ইং

নিহত আলী হোসেন। ছবির ক্যাপশন: নিহত আলী হোসেন।
ad728

বাংলার প্রতিচ্ছবি:  পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকা থেকে ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় ভোরে দুই দফা গুলির শব্দ শোনা যায়। বিএসএফের দাবি, ভোরে ৭/৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে গেলে তারা সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে বিএসএফের গুলিতে আলী হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং বিস্তারিত আলোচনার জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবি টহল জোরদার করেছে।

কমেন্ট বক্স