বাংলার প্রতিচ্ছবি:- দেশটির আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে এই বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। শনিবার দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিমানটিতে থাকা দুই ক্রু সদস্য নিরাপদে বের হতে সক্ষম হলেও তাদের উদ্ধারে গিয়ে বড় ধরনের বাধার মুখে পড়ে মার্কিন বাহিনী। উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি সামরিক হেলিকপ্টার ও একটি নিচু উচ্চতায় উড়ন্ত জ্বালানি সরবরাহকারী বিমান ইরানি বাহিনীর তীব্র হামলার মুখে পড়ে। এতে হেলিকপ্টার দুটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত তারা নিরাপদে ইরাক সীমান্তে ফিরে যেতে সক্ষম হয়। তবে এই সংঘর্ষে একটি হেলিকপ্টারের কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে জানা গেছে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দুর্ঘটনার পর এক পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজনের অবস্থান এখনো অজানা। ইরানের স্থানীয় গণমাধ্যমে নিখোঁজ ওই পাইলটকে খুঁজে বের করতে তল্লাশি চালানোর দৃশ্য প্রচার করা হচ্ছে এবং তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দিয়েছে দেশটির সরকার। এদিকে নিখোঁজ ক্রুকে উদ্ধার করতে গিয়ে ইরানের দফায় দফায় হামলায় পড়ে এ-১০ মডেলের আরেকটি মার্কিন যুদ্ধবিমান। সেই হামলার মুখে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে বিমানটির পাইলট সাগরে ঝাঁপ দেন। সিবিএস নিউজের প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, পরবর্তীতে সাগরে ঝাঁপ দেওয়া ওই পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ অপর পাইলটকে খুঁজে বের করতে বর্তমানে ইরানি ভূখণ্ডে মার্কিন স্পেশাল ফোর্সের এই রুদ্ধশ্বাস অভিযান চলছে।