ঢাকা | ১০ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

চিতলমারীতে শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান

চিতলমারির রাজনৈতিক অঙ্গন এখন আলোচনা মুখর

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি): জাতীয় শ্রমিক লীগের রাজনীতি থেকে সরে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন রমজান শেখ। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বাগেরহাটে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেনের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

দলীয় সূত্রে জানা যায়, রমজান শেখ এর আগে জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলার ৪ নম্বর শিবপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২২ সালের ২০ মে তিনি জাতীয় শ্রমিক লীগ চিতলমারী উপজেলা সভাপতি বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। ফলে সংগঠনের স্বার্থ রক্ষায় এবং কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে তিনি স্বেচ্ছায় সকল পদ ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার অনুপস্থিতির ফলে সংগঠনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বলেও তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন।

বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শামিল হতে চান, বিএনপির দরজা তাদের জন্য সবসময় খোলা। নতুন যারা দলে যুক্ত হচ্ছেন, তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”

এ সময় বাগেরহাট জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপিতে যোগদানের পর রমজান শেখ বর্তমানে নিজ এলাকা চিতলমারীতে বাগেরহাট–১ আসনের ধানের শীষের কান্ডারি বাবু কপিল কৃষ্ণ মন্ডলের প্রচার ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সময় পার করছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে যেতে চান।
কমেন্ট বক্স