ঢাকা | ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

এস আলমের মামলার বিরুদ্ধে লড়তে সরকারের ব্যয় হবে ঘণ্টায় দেড় লাখ টাকা

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: আন্তর্জাতিক সালিশি আদালতে এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের করা মামলার বিরুদ্ধে লড়াই করতে একটি বিশ্বখ্যাত ব্রিটিশ ল ফার্ম নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই আইনি লড়াই পরিচালনার জন্য সংশ্লিষ্ট ল ফার্মটিকে প্রতি ঘণ্টায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ফি প্রদান করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ১ লাখ ৫২ হাজার ৬৯১ টাকা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ল ফার্ম নিয়োগ ও ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দায়ের করা আরবিট্রেশন মামলা (কেস নম্বর-এআরবি/২৫/৫২) পরিচালনার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক আইনি সেবা ক্রয়ের একটি প্রস্তাব উত্থাপন করে। ক্রয়সংক্রান্ত কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে ব্রিটিশ ল ফার্ম ‘হোয়াইট অ্যান্ড কেইস এলএলপি’-কে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে। 

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন অর্থপাচারের ব্যাপারে এস আলম গ্রুপ সম্ভবত লন্ডনে একটি মামলা করেছে এবং বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস’ (আইসিএসআইডি)-এ চ্যালেঞ্জ করেছে। যেহেতু এটি বড় অংকের টাকার বিষয় এবং বিশ্বব্যাংকের মতো সংস্থা এখানে জড়িত, তাই আমাদের শক্তিশালী আইনি লড়াই করতে হবে। সেই লক্ষ্যেই আমরা এই বিদেশি ল ফার্মকে নিয়োগ দিচ্ছি।” 

উল্লেখ্য, এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যরা বিদেশে তাদের বিনিয়োগ সুরক্ষা এবং বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি দায়ের করেছেন। 
কমেন্ট বক্স