ঢাকা | ০১ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

গাজায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী

প্রকাশের তারিখ: জানুয়ারী ৩১, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: বিগত দুই বছরের বেশি সময় ধরে গাজায় হত্যাযজ্ঞ চালানোর পর প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ৭০ হাজার মানুষের নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গতকাল শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এক ব্রিফিংয়ে ইসরায়েলি সাংবাদিকদের সামনে এই তথ্য স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী।
সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, 'আমাদের ধারণা অনুযায়ী যুদ্ধে প্রায় ৭০ হাজার গাজাবাসী নিহত হয়েছেন, যার মধ্যে নিখোঁজদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়।'

ইসরায়েলি আরেক সংবাদমাধ্যম 'কান ১১' জানায়, নিহতের মধ্যে কতজন সশস্ত্র যোদ্ধা ও কতজন বেসামরিক নাগরিক, তা বিশ্লেষণ করার চেষ্টা করছে সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালে অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭১ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন। 
যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাস নিয়ন্ত্রিত দাবি করে তাদের দেওয়া এসব তথ্যকে বরাবরই অতিরঞ্জিত বলে আসছিল ইসরায়েল। 
সেনাবাহিনী স্বীকার করলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনও আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি। 

আইডিএফের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, 'প্রকাশিত এই তথ্যগুলো আইডিএফের আনুষ্ঠানিক পরিসংখ্যান নয়। এ বিষয়ে কোনো তথ্য থাকলে, তা কেবল অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই জানানো হবে।'

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত বছর আগস্টে ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানের ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে 'গাজায় ৫০ হাজার মৃত্যু পরবর্তী প্রজন্মের নিরাপত্তার জন্য প্রয়োজনীয়'—এমনটা বলতে শোনা যায়।
কমেন্ট বক্স