বাংলার প্রতিচ্ছবি : প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি :
নিজের বিরুদ্ধে মানববন্ধনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সাংবাদিক সম্মেলন করেছেন হানিফ শিকদার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চিতলমারী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হানিফ শিকদার (পিতা: মালেক শিকদার) বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই এবং একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।
তিনি বলেন, কারো কাছ থেকে জোরপূর্বক চেক বা স্ট্যাম্প নেওয়া কিংবা কারো জমি, দোকান বা ঘের অবৈধভাবে দখলের অভিযোগ সত্য নয়। তার সঙ্গে যাদের আর্থিক লেনদেন হয়েছে, তা আইনসম্মত ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
হানিফ শিকদার প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করে বলেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে। তিনি যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।
গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাচাই ছাড়া যেন কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করা হয়। একই সঙ্গে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।