ঢাকা | ১১ মে ২০২৬ ইং | বঙ্গাব্দ

শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ হত্যা: উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ: মে ১১, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল পেমেন্ট বা ইউপিআই (UPI) লেনদেন ট্র্যাক করে রোববার গভীর রাতে উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের কলকাতায় এনে রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে ম্যারাথন জেরা শেষে আদালতে তোলা হবে।

ঘটনাটি ঘটে গত ৬ মে রাতে, কলকাতার অদূরে মধ্যমগ্রাম এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনা করে চন্দ্রনাথের ওপর হামলা চালায় আততায়ীরা। খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানো হয়, যার মধ্যে বুক ও হাতে গুলি লাগলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রায় দেড় মাস আগে থেকেই এই খুনের ছক কষা হয়েছিল এবং অত্যন্ত নিখুঁতভাবে চন্দ্রনাথের গতিবিধি রেকি করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, পালানোর সময় ঘাতকরা বালিতে একটি টোল বুথে মোবাইল পেমেন্ট (UPI) ব্যবহার করেছিল, যা তাদের শনাক্ত করতে পুলিশকে মূল সূত্র জোগায়। পুলিশ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গাড়ি ও দুটি বাইক জব্দ করেছে, যেগুলোর নম্বর প্লেট ভুয়া ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এই খুনের নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ে ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি জিতে সরকার গঠন করেছে বিজেপি। গত শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার শপথগ্রহণের ঠিক আগমুহূর্তে ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথের এই হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দেড় দশকের শাসন হারানো তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে মাত্র ৮০টি আসন পেয়ে বিরোধী আসনে বসতে বাধ্য হয়েছে।

কমেন্ট বক্স