ঢাকা | ০৬ মে ২০২৬ ইং | বঙ্গাব্দ

আওয়ামী লীগ আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ: মে ৬, ২০২৬ ইং

সালাহ উদ্দিন আহমদ। ছবির ক্যাপশন: সালাহ উদ্দিন আহমদ।
ad728

বাংলার প্রতিচ্ছবি:  ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক ও দলীয় বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২০০৯ সালের ৬ জানুয়ারির পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। সেগুলো এখনই ফেরত না দিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেসব লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হয়েছিল, সেগুলো দ্রুত মালিকদের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে সরকারের নির্দেশ সত্ত্বেও যে ১০ হাজার অস্ত্র জমা পড়েনি, সেগুলো উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই-বাছাই করে এক মাসের মধ্যে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের বলা হয়েছে। তিনি বলেন, "আমরা এসব মামলা নিষ্পত্তি করব না, বরং আইন মন্ত্রণালয়ে পাঠাব। গুরুত্ব অনুযায়ী তারা যেসব মামলার বিষয়ে মতামত দেবে সেগুলো চলবে, বাকিগুলো প্রত্যাহারের সুপারিশ করা হবে।"

 জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল আজহা ও কোরবানির হাট প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সড়ক-মহাসড়কের দুই ধারে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঈদের সময় ফেরিতে গাড়ি ওঠানামার সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স