বাংলার প্রতিচ্ছবি: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালের হাম ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত দুই শিশুর মধ্যে একজনের বয়স ১০ মাস, সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে এসেছিল। অন্যজন ৯ মাস বয়সী শিশু, যার বাড়ি ফুলপুর উপজেলায়। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ডা. গোলাম মাওলা জানান, শিশুদের শরীরে হামের তীব্রতা বেশি থাকায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের নির্ধারিত ওয়ার্ডে মোট ৭৩ জন শিশু চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শিশুদের দ্রুত টিকাদান এবং লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন তারা। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে।