ঢাকা | ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রকাশের তারিখ: জানুয়ারী ২৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দীর্ঘদিনের মিত্র দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “কানাডা যদি চীনের সঙ্গে কোনও চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্য ও সামগ্রীর ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, চীনা পণ্য যুক্তরাষ্ট্রে ঢোকানোর জন্য কানাডাকে ‘ড্রপ-অফ পোর্ট’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এমন কোনও পরিকল্পনা কঠোরভাবে ঠেকানো হবে।


সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারত্ব’ ঘোষণা করেছেন, যেখানে চীনা পণ্যের ওপর শুল্ক হ্রাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। শুরুতে ট্রাম্প এই উদ্যোগকে স্বাগত জানালেও, পরে কার্নি যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার সমালোচনা করেন এবং শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক চাপ মোকাবিলায় মধ্যম শক্তির দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

এদিকে কানাডার যুক্তরাষ্ট্রবিষয়ক বাণিজ্যমন্ত্রী ডোমিনিক লেব্লাঁ জানিয়েছেন, বেইজিংয়ের সঙ্গে কোনও মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটছে না অটোয়া। তিনি বলেন, আলোচনার মূল লক্ষ্য ছিল নির্দিষ্ট কয়েকটি শুল্ক-সংক্রান্ত সমস্যার সমাধান। পাশাপাশি সরকার বৈশ্বিক বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে হওয়া সমঝোতা অনুযায়ী, আগামী মার্চের মধ্যে চীন কানাডার ক্যানোলা তেলের ওপর শুল্ক ৮৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামাবে। অন্যদিকে কানাডা চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ১ শতাংশে নামাবে। বছরের পর বছর টানাপোড়েন ও পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর এই চুক্তিকে রাষ্ট্র দুটির কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


কমেন্ট বক্স