বাংলার প্রতিচ্ছবি . মো. আব্দুর রহিম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার শরৎনগর বাজারের সাহেব মার্কেটের নিচতলায় ‘রুরাল হিউম্যান ফাউন্ডেশন’ নামে একটি এনজিওর পরিচয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ওই প্রতিষ্ঠানের পরিচয়ে কয়েক দিন ধরে ঋণ ও টিনের ঘর দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এনজিওর বৈধ কাগজপত্র দেখতে চান। তবে অভিযুক্তরা কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন মো. আব্দুল মজিদ (৪৮), মো. নুরুল ইসলাম (৩৭) ও হাসিনুর রহমান শাহিনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নাজমা সুলতানা (৪৭) বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় প্রতারণার মামলা করেন। গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০/৩৪ ধারায় রুজু করা হয়। মামলার নম্বর ০৭।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।