ঢাকা | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যখন একই প্রতিষ্ঠানে সর্বোচ্চ প্রশাসনিক পদে অসীন হন, তখন তা কেবল তাঁর ব্যক্তিগত অর্জন থাকে না, বরং শিক্ষাঙ্গনে নতুন এক অনুপ্রেরণার জন্ম দেয়। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলে এবার নিজ আঙিনায় ফিরলেন অধ্যাপক নূরুল ইসলাম। ভূগোল ও পরিবেশবিজ্ঞানের বিদগ্ধ এই গবেষকের হাত ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত স্পর্শ করবে—এমনটাই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। আগামী চার বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক নূরুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তানুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—যেটি আগে আসবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে বহাল থাকবেন। তিনি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

উচ্চশিক্ষা ও একাডেমিক কর্মজীবন

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকেই প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ‘ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চ কনসোর্টিয়ামে’ পোস্ট-ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। এ ছাড়া তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে জিআইএস (GIS), রিমোট সেন্সিং ও পরিবেশ প্রভাব বিশ্লেষণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর নিজ বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন। এর পাশাপাশি তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অনারারি শিক্ষক হিসেবে যুক্ত রয়েছেন। দেশি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকীতে তাঁর প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক।

কমেন্ট বক্স