বাংলার প্রতিচ্ছবি: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে জয়ের পথে বড় ব্যবধানে এগিয়ে যাচ্ছে বিজেপি। বাংলাদেশ সময় আজ রোববার দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত ভোটের প্রবণতায় দেখা গেছে, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য কমিয়ে গেরুয়া শিবির নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণনা করা ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ১৮৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০২টি আসনে। সকাল থেকে ভোট গণনা শুরুর পর থেকেই দুই দলের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়তে শুরু করেছে, যা এখন স্পষ্ট আধিপত্যে রূপ নিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠায় একটি আসনের ভোট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে আজ মোট ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। দুপুর গড়াতেই বিজেপি বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় দলটির কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে, অন্যদিকে তৃণমূল শিবিরে উদ্বেগ বাড়ছে। চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে ধারণা করা হচ্ছে।