প্রিন্ট এর তারিখঃ Jul 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাংলার প্রতিচ্ছবি: সরকারি কোনও অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনও বিশেষ আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার (৫ জুলাই) জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
এতে আরও বলা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, পরিপত্রের বিষয়টি অবহিত করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের নিয়ন্ত্রণাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া প্রধান তথ্য কর্মকর্তা, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি