
বাংলার প্রতিচ্ছবি: পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামী ৯ মে (শনিবার) সকাল ১০টায় কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রাজকীয় অনুষ্ঠান আয়োজিত হবে। ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। যদিও দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি, তবে এটি নিশ্চিত যে সেদিন বিজয়ী শিবিরের মনোনীত নেতারাই রাজ্যের শাসনভার গ্রহণ করবেন।
এদিকে নির্বাচনে কারচুপি ও জোর করে ক্ষমতা দখলের অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, "পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। আমি পদত্যাগ করবো না।" তাঁর এই অনড় অবস্থানের কারণে রাজ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু করেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এই অবস্থানকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করে বলেন, "তিনি (মমতা) কেবল কয়েক দিন আলোচনায় থাকার জন্য এই অবস্থান নিয়েছেন এবং নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন।" তৃণমূলের এই বিরোধিতার মুখেও বিজেপি তাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এখন সবার নজর ৯ মে-র দিকে, যেদিন দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের পর নতুন কোনো মুখ বাংলার মসনদে বসতে যাচ্ছেন।