
বাংলার প্রতিচ্ছবি: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে এই আলোচনার সময়কালে দেশটি তাদের বিমান হামলা পুরোপুরি স্থগিত রাখতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েল এমন সিদ্ধান্ত নিয়েছে বলে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন। সিএনএন-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, আগামী দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখা হবে। তিনি একে একটি ‘পারস্পরিক যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন। এই উদ্যোগের ফলে ইসরায়েলও তাদের আকাশপথে হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যা ওই অঞ্চলে যুদ্ধের ভয়াবহতা কমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পেছনে একটি বড় শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, ইরানকে অতিসত্বর কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দিতে হবে। মূলত তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতেই এই শর্তারোপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে এই ইতিবাচক সিদ্ধান্ত আসে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে পারে। বিশ্ববাজার ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।