
বাংলার প্রতিচ্ছবি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে যারা হামে আক্রান্ত, তাদের টিকা দেওয়া হবে না। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যেসব শিশু আগে হামের টিকা নিয়েছে, তাদেরও এই বিশেষ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। তবে যারা বর্তমানে হাম বা জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের টিকা না দিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ৩০টি উপজেলায় এই টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুর টিকা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে কোনো শিশু আগে টিকা নিয়ে থাকলেও পুনরায় এই টিকা গ্রহণে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।
রোববার থেকে যে ৩০ উপজেলায় টিকাদান চলবে: রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সীগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোণার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট; নাটোর সদর এবং যশোর সদর।