প্রিন্ট এর তারিখঃ Apr 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 2, 2026 ইং
হামে ৪৭ শিশুর মৃত্যু: উচ্চ পর্যায়ের তদন্ত ও স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

বাংলার প্রতিচ্ছবি: সারা দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে এই আবেদনে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
তদন্ত ও পূর্ণাঙ্গ প্রতিবেদনের দাবি:- রিট আবেদনে বলা হয়েছে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সঠিক কারণ ও এর ব্যাপ্তি নির্ণয় করা জরুরি। এ লক্ষ্যে আদালতকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত সংখ্যা, সংক্রমণের হার, বর্তমান টিকাদানের স্থিতি এবং টিকার পর্যাপ্ততা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে হবে। এছাড়া টিকাদান কর্মসূচি কেন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বা টিকার ঘাটতি কেন দেখা দিল, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন ও সময়াবদ্ধ তদন্ত পরিচালনার দাবি জানানো হয়েছে।
আইনি ও সাংবিধানিক যুক্তি:- আবেদনকারী উল্লেখ করেছেন যে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে না পারা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ব্যর্থতা বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ এবং ৩২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের অধিকার রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বিবাদীরা যেন দ্রুততম সময়ের মধ্যে সারা দেশে জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ করেন এবং সিরিঞ্জ ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করেন, সে বিষয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
স্কুল বন্ধের প্রয়োজনীয়তা:- রিটে আরও উল্লেখ করা হয়, বর্তমানে হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব চলছে, তাতে স্কুলে শিশুদের শারীরিক সংস্পর্শ সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা জননিরাপত্তার প্রতি 'বেপরোয়া অবহেলা' এবং শিশুদের জীবনের জন্য চরম ঝুঁকি বলে আবেদনে দাবি করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে।
আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি