প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
বাংলাদেশের জন্য বিশ্বকাপ না খেললে পাকিস্তানকে কঠোর শাস্তির হুমকি আইসিসির

বাংলার প্রতিচ্ছবি: বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সাম্প্রতিক মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাঁটলে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে সতর্কতা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনে পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইসিসি।
সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে—সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ বাতিল এবং এশিয়া কাপ থেকে বাদ পড়া।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তার মধ্যে যে কোনও আন্তর্জাতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের এনওসি না দেওয়া এবং এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হতে পারে ।’
এর আগে মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’ অনুসরণের অভিযোগ তুলে বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে। তিনি দাবি করেন, কিছু দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা থাকলেও অন্যদের ক্ষেত্রে তা নেই। নাকভির ভাষ্য অনুযায়ী, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিদেশ সফর থেকে দেশে ফেরার পর সরকারের সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। একটি দেশ যেকোনও সিদ্ধান্ত নিতে পারে, অথচ অন্য দেশের ক্ষেত্রে তা সম্ভব নয়। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীজন। এই অবিচার হওয়া উচিত নয়।’
এই সময় বাংলাদেশের ক্ষেত্রেও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’ বিবেচনার আহ্বান জানায় পিসিবি। যে মডেলের আওতায় পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো কলম্বোতে খেলার সুযোগ পেয়েছে। নাকভি আরও বলেছেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণ সদস্য। পাকিস্তান ও ভারতের জন্য যদি এমন সুবিধা দেওয়া হয়ে থাকে, তাহলে একই সুবিধা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। একটি দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না।’
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি