প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর

বাংলার প্রতিচ্ছবি: ট্রাইব্যুনালের ভাবমূর্তি রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার (১৫ মার্চ) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির দ্বিতীয় বৈঠকের আগে তিনি এই কথা বলেন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের বিচারের স্বচ্ছতার স্বার্থে যা যা করণীয় এবং যেসব পদক্ষেপ প্রয়োজন— সবই নেওয়া হবে। বিতর্কের জন্ম দিতে পারে এমন কোনও কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা হবে।
তিনি বলেন, “প্রত্যেক মানুষের ক্ষেত্রে যেন ন্যায়বিচার নিশ্চিত করা যায়, সে চেষ্টা করা হবে। কোনও নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনও অপরাধী যেন পার পেয়ে না যান— এই লক্ষ্য থেকেই ট্রাইব্যুনালের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবমূর্তি রক্ষায় কোনও ছাড় দেওয়া হবে না।”
এর আগে প্রসিকিউশনের অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
প্রসিকিউশন টিমের কোনও সদস্য বা সংশ্লিষ্ট কোনও ব্যক্তি যদি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই তথ্য উদঘাটন করবে এই কমিটি। সম্প্রতি পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে এই কমিটি গঠন করা হয়।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি