প্রিন্ট এর তারিখঃ Feb 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 30, 2026 ইং
ফকিরহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ মাদক কারবারি আটক, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

বাংলার প্রতিচ্ছবি : প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে চারজন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট আর্মি ক্যাম্পের একটি টহল দল এই আকস্মিক যৌথ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন— সরদার আরিফুজ্জামান (৪৫), পিতা: মৃত সরদার আক্কাস আলী; সাইফুল ইসলাম হিরক (৩৫), পিতা: শেখ সিদ্দিকুর রহমান; মোঃ ইমরান মোল্লা (৩০), পিতা: মোঃ জাকির মোল্লা এবং মোঃ ফরহাদ শেখ (৩২), পিতা: হেভেন আলী শেখ।
গোয়েন্দা তথ্যে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের অবস্থানের ওপর নজরদারি বাড়ানো হলে বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আটককৃতদের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি ফয়েল পেপার, একটি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, একটি ব্যাংক কার্ড এবং ৬ হাজার ৪১৩ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি