বাংলার প্রতিচ্ছবি: নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। বুধবার (১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং গ্যাস-বিদ্যুৎসহ জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে এবং জীবনযাত্রার মান ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
সংগঠনের নেতারা জানান, বর্তমান প্রেক্ষাপটে নবম পে স্কেল বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। তারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানান। একইসঙ্গে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এরপর ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় শহরগুলোতে শান্তিপূর্ণ আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। দাবি আদায়ে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান সংগঠনের নেতা-কর্মীরা।